বিশ্বব্যাপী বিদ্যমান উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। সোমবার (১৮ এপ্রিল) শুরু হওয়া এ মহড়া আগামী দুই সপ্তাহ পর্যন্ত চলবে। এর আগে পারমাণবিক সক্ষমতা বাড়াতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। সংকটময় এমন পরিস্থিতিতে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে নিক্কেই এশিয়ার প্রতিবেদনে জানানো হয়, উপদ্বীপে মিত্র দেশ দুইটি কম্পিউটার সিমুলেশনেরভিত্তিতে মহড়া পরিচালনা করবে। কোনো ধরনের মাঠ প্রশিক্ষণ ছাড়াই এটি ২৮ এপ্রিল পর্যন্ত চলবে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, এবারের মহড়া দুই দেশের সৈন্যদের যে কোনো অপারেশন পরিচালনার ক্ষেত্রে সক্ষমতা বাড়াবে। এতে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত হবে।
যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ার আয়োজন করায় দ. কোরিয়ার সমালোচনা করেছে উ. কোরিয়া। এছাড়া প্রতিবেশী রাষ্ট্রটিকে হুমকিও দিয়েছে প্রেসিডেন্ট কিম জং উনের প্রশাসন।
এ দিকে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী রবিবার (১৭ এপ্রিল) নতুন করে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি চালানো হয়। পরমাণু অস্ত্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে দেশটি নতুন এই মিসাইল পরীক্ষা করে।
আরও পড়ুন : আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত বেড়ে ৪৭
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা রাষ্ট্রগুলো যখন পরমাণু কর্মসূচির বিরোধিতা করে উত্তর কোরিয়ার ওপর দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে; ঠিক তখনই এর বিপরীতে অবস্থান নিয়ে পিয়ংইয়ং সরকার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি জোরদার করেছে। মূলত তারই অংশ হিসেবে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।